নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বৃদ্ধকে মারধরের পর মৃত্যুর ঘটনায় বিএনপির এক নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) নিহত ফজলুর রহমানের মেয়ে ফারজানা আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, আসামিরা হলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শেখ সামছুদ্দিন, তার ভাতিজা নোবেল, রবিন, মিলন ও অনন্ত। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
এজাহারে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকায় একটি মেয়েকে কয়েকজন ব্যক্তি মারধর করছিলেন। এ সময় ফজলুর রহমান ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন এবং মারধরের কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তাকে কিল-ঘুসি ও লাথি মেরে গুরুতর আহত করেন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই সকালে মারা যান।
নিহতের স্বজনদের দাবি, হামলার আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে দাফন সম্পন্ন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, নিহতের মেয়ের দায়ের করা মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘‘ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









