ডেঙ্গু প্রতিরোধে বড় অগ্রগতি হিসেবে ভারতের প্রথম ডেঙ্গু টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের অনুমোদন পেয়েছে। জাপানের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকাটিকে অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল।
এর মাধ্যমে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকা ব্যবহারের জন্য আনুষ্ঠানিক অনুমোদন পেল। অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন।
কিউডেঙ্গা ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম বলে জানানো হয়েছে। টিকাটি তিন মাসের ব্যবধানে দুই ডোজে দেওয়া হবে। তবে ভারতে এই টিকার মূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গুর ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতি বছর বিশ্বজুড়ে আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। এর মধ্যে ভারতে বৈশ্বিক ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশ ঘটে বলে জানা গেছে।
বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গুপ্রবণ দেশগুলোর একটি ভারতে এই টিকার অনুমোদনকে জনস্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: দ্য হিন্দু


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









