নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চী গ্রামে বুলবুলি খাতুন নামে এক গর্ভবতী গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. আব্দুল্লাহর বিরুদ্ধে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের একপর্যায়ে মো. আব্দুল্লাহ ধারালো অস্ত্র দিয়ে তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত বুলবুলি খাতুন ও মো. আব্দুল্লাহ দম্পতির ঘরে ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। একই সঙ্গে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী মো. আব্দুল্লাহকে আটক করেছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘অভিযুক্ত আব্দুল্লাহকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









