বিএনপি সরকার কর্তৃক নতুন জনবান্ধবমূলক বাজেট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে স্বাগত জানিয়ে কুষ্টিয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে কুষ্টিয়া জেলা স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়।
জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক হয়ে মজমপুর গেট, এনএস রোড প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ের একতারা মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হৃদয় হোসেন, কুষ্টিয়া পৌর ছাত্রদলের আহ্বায়ক সদস্য সংগ্রাম হোসেন, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস, কুষ্টিয়া রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিদ শরীফ পাপন, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শিমুল হোসেন, মিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তুষার খন্দকার, সদস্য সচিব সাব্বির আহমেদ এবং দৌলতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকে স্বাগত জানান।
বক্তারা আরো বলেন, দেশের তরুণ সমাজের প্রত্যাশা পূরণে গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









