আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে রাজধানীর ডেমরায় ফ্ল্যাট ভাড়া নিয়ে গড়ে তোলা হয়েছিল মাদকের গোপন আস্তানা। সেখান থেকেই নারায়ণগঞ্জের রূপগঞ্জ, রাজধানীসহ বিভিন্ন এলাকায় ইয়াবা ও ফেনসিডিলসহ মাদক সরবরাহ করত একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব-১১ চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ও ৫৮ বোতল ফেনসিডিলজাতীয় কফ সিরাপ (স্কাফ) উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) র্যাব-১১, সিপিএসসি-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ডেমরা থানার খলাপাড়া এলাকার ‘একতা ভবন’-এর দুটি ফ্ল্যাটে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকার বাসিন্দা মো. ইদ্রিস (৫৩), মো. ইয়াসিন (২১), মো. হৃদয় (২০) ও মো. ফয়সাল (২১)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে কৌশলে বড় চালানে মাদক সংগ্রহ করে তারা ডেমরার ভাড়া করা ফ্ল্যাটে মজুত রাখতেন। এরপর ওই আস্তানাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও খুচরা বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা এ কৌশল অবলম্বন করে আসছিল।
র্যাব আরও জানায়, উদ্ধার করা মাদক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় ডেমরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে চক্রটির পলাতক সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









