বর্ষা এলেই সড়ক ডুবে যায়, বসতবাড়িতে ঢুকে পড়ে পানি। বছরের পর বছর এমন দুর্ভোগে অতিষ্ঠ গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়ার নয়নপুর এলাকার মানুষ। সরকারি উদ্যোগে সড়ক সংস্কারকাজ চললেও দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে এবার নিজেরাই উদ্যোগ নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। নিজস্ব অর্থায়নে প্রায় এক হাজার ফুট ড্রেন নির্মাণের কাজ শুরু করেছেন তারা।
স্থানীয়দের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বহু বছরের জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং শিল্পাঞ্চলটির হাজারো মানুষের চলাচল স্বাভাবিক হবে।
স্থানীয় সূত্র জানায়, নয়নপুর হানু মার্কেট থেকে ডেকো গার্মেন্টস পর্যন্ত এলাকায় ডেকো গার্মেন্টস, মেঘনা গ্রুপসহ অন্তত ১০ থেকে ১২টি শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। কারখানাগুলো উঁচু ভিটায় নির্মাণ করায় বর্ষার পানি নিচু এলাকায় জমে রাস্তা ও বসতবাড়িতে প্রবেশ করে। দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়ক জলমগ্ন হয়ে পড়ে। এতে প্রতিদিন কয়েক হাজার শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এদিকে সরকারি উদ্যোগে মাওনা-ধনুয়া আঞ্চলিক সড়কের চার কিলোমিটার অংশের সংস্কারকাজ চলমান রয়েছে। তবে এলাকাবাসীর আশঙ্কা, রাস্তার ঢালাই শেষ হয়ে গেলে পরে ড্রেন নির্মাণ করা কঠিন হবে। এ কারণে প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবার নিজস্ব অর্থ সংগ্রহ করে জনস্বার্থে ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা লিংকন বলেন, দীর্ঘদিনের জলাবদ্ধতায় মানুষের চলাচল প্রায় অচল হয়ে পড়েছিল। এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, মসজিদ ও মাদ্রাসা রয়েছে। তাই সবাই মিলে জনস্বার্থে এই উদ্যোগ নিয়েছি।
আরেক বাসিন্দা শ্রী রবিদাস বলেন, “সামান্য বৃষ্টিতেই বাড়িঘরে পানি ঢুকে পড়ে। বহুদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দাবি জানানো হলেও কোনো সমাধান হয়নি। তাই এলাকাবাসী নিজেরাই অর্থায়নের সিদ্ধান্ত নিয়েছে।
কাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, এটি কোনো ব্যক্তিগত উদ্যোগ নয়; পুরো এলাকার মানুষের স্বার্থে নেওয়া একটি সামাজিক উদ্যোগ। ড্রেন নির্মাণ শেষ হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা অনেকটাই কমে আসবে।
স্থানীয় বাসিন্দা আসাদ মল্লিক বলেন, অপরিকল্পিত শিল্পায়নের কারণে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ সংকুচিত হয়েছে। তাই সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে এলাকাবাসী নিজেরাই ড্রেন নির্মাণ করছেন। তবে স্থায়ী সমাধানের জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও শিল্পপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ আরিফুল ইসলাম সরকার বলেন, “গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর উদ্যোগে সড়ক সংস্কারের কাজ চলছে। তবে রাস্তার ঢালাই শেষ হলে ড্রেন নির্মাণের সুযোগ থাকবে না। তাই এলাকাবাসীর এই উদ্যোগ সময়োপযোগী ও জনকল্যাণমূলক।
শ্রীপুর উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ বলেন, এলাকাটি পরিদর্শন করে দেখা গেছে, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত জরুরি। তবে কাজ শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে আরও ভালো হতো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









