উজানে ভারি বৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেটের কুশিয়ারা ও সুরমা নদীর পাঁচটি পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এর ফলে সিলেটের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি কিংবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২২ জুলাই) সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পাউবোর তথ্য অনুসারে, আজ সকাল ৯টায় সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর কানাইঘাট, সুরমা, আমলশিদ, শেওলা ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। তবে সবকটি পয়েন্টে পানি এখনও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্ট, সারিগোয়াইন, পিয়াইন, লোভাছড়া ও ধলা নদীর পানি হ্রাস পাচ্ছে।
সিলেট পানির উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ এদিনকে জানান, গত ২৪ ঘণ্টায় উজানে উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে ভারতের মেঘালয়ের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারি বৃষ্টি হওয়ায় সীমান্তবর্তী নদ-নদীতে পাহাড়ি ঢলের চাপ তীব্র হয়েছে। আর এর প্রভাব পড়ছে সিলেট বিভাগের নদীগুলোতে, যার ফলে দ্রুত বাড়ছে পানির স্তর।
সংস্থাটি জানিয়েছে, এর ফলে সিলেট জেলার নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, কিংবা কোনো কোনো এলাকায় বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি ঘটার প্রবল আশঙ্কা রয়েছে।
এদিকে সিলেট আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে (গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত) ১৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট অঞ্চলে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









