ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র এবার আলোচনায় এসেছেন মাঠের পারফরম্যান্স নয়, বরং বদলে যাওয়া চেহারা নিয়ে। ২০২৬ বিশ্বকাপ শেষে তার নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন। এই পদ্ধতিতে সাধারণত চিবুক ও চোয়ালের গঠন আরও সুস্পষ্ট ও মুখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করা হয়।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি অনুযায়ী, বিশ্বকাপ শেষে ব্রাজিলের গোইয়ানিয়া শহরে এই চিকিৎসা করিয়েছেন তিনি। এটি অস্ত্রোপচার বা অস্ত্রোপচার ছাড়াই বিশেষ প্রযুক্তির মাধ্যমে করা সম্ভব। এ প্রক্রিয়ায় চিবুকের পাশাপাশি নাক, ঠোঁট ও চোয়ালের ভারসাম্য বিবেচনায় নিয়ে মুখের সামগ্রিক অবয়ব মূল্যায়ন করা হয়।
এদিকে, প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দিতে শিগগিরই রিয়াল মাদ্রিদে ফিরবেন ভিনিসিয়ুস। এর আগেই তার নতুন চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।
বর্তমানে ক্লাব ফুটবলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। আগামী ২৩ আগস্ট এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের নতুন লা লিগা মৌসুম শুরু হওয়ার কথা। আর মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর, যেখানে প্রতিপক্ষ বার্সেলোনা।
তবে ভিনিসিয়ুস জুনিয়র বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কসমেটিক চিকিৎসার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









