শরীয়তপুরের জাজিরা উপজেলার সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের একজন ইউনিট লিডার ও দুইজন স্কাউট সদস্য ৩য় মুসলিম স্কাউট ফেলোশিপ আন্তর্জাতিক জাম্বুরিতে অংশ নিতে যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন। আন্তর্জাতিক এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে তাঁরা বাংলাদেশ ও শরীয়তপুর জেলার প্রতিনিধিত্ব করবেন।
বাংলাদেশ স্কাউটসের একটি প্রতিনিধিদল বুধবার (২২ জুলাই) সকাল ৬টায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। আগামী ২৩ থেকে ২৬ জুলাই লন্ডনের ঐতিহাসিক গিলওয়েল পার্কে অনুষ্ঠিত হবে ৩য় মুসলিম স্কাউট ফেলোশিপ আন্তর্জাতিক জাম্বুরি। এতে বিশ্বের ২২টিরও বেশি দেশের স্কাউট সদস্যরা অংশগ্রহণ করবেন।
বাংলাদেশের প্রতিনিধিদলের হেড অব কন্টিনজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তাঁর নেতৃত্বে ১২ জন অ্যাডাল্ট লিডার ও ১৯ জন স্কাউট সদস্য আন্তর্জাতিক এ জাম্বুরিতে অংশ নেবেন।
শরীয়তপুর জেলা থেকে প্রতিনিধিত্ব করবেন সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লিডার শহীদুল ইসলাম এবং স্কাউট সদস্য তাহসিন আহমেদ লুবান ও সামিয়া খান।
আয়োজক সূত্রে জানা গেছে, চারদিনব্যাপী এ আন্তর্জাতিক জাম্বুরিতে ক্যাম্পিং, স্কাউটিং কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক বন্ধুত্ব গড়ে তোলার বিভিন্ন আয়োজন থাকবে। স্কাউটিংয়ের ঐতিহাসিক স্থান গিলওয়েল পার্কে অনুষ্ঠিত এ আয়োজন বিশ্বব্যাপী স্কাউটদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মুসলিম স্কাউট ফেলোশিপ ২০০৫ সাল থেকে যুক্তরাজ্যে নিয়মিত গ্রীষ্মকালীন ক্যাম্পের আয়োজন করে আসছে। বর্তমানে উত্তর ও দক্ষিণ অঞ্চলে অনুষ্ঠিত এসব ক্যাম্পে প্রতিবছর প্রায় তিন হাজার তরুণ অংশগ্রহণের সুযোগ পান। খেলাধুলা, প্রশিক্ষণ কর্মশালা, বহিরাঙ্গণ অভিযান এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতা বিকাশই এ আয়োজনের প্রধান উদ্দেশ্য।
সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের ইউনিট লিডার শহীদুল ইসলাম বলেন, “আন্তর্জাতিক এমন একটি ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি গর্বিত। এই সফর আমাদের অভিজ্ঞতা ও জ্ঞানের পরিধি আরও বিস্তৃত করবে।”
জাজিরা উপজেলা স্কাউটসের সম্পাদক মতিউর ইসলাম সেলিম বলেন, “বাংলাদেশ স্কাউটস আমাদের উপজেলার সদস্যদের আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্বের সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞ। আশা করি, তারা নতুন অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে আনবে।”
শরীয়তপুর জেলা স্কাউটসের কমিশনার সঞ্জীব চন্দ্র কর্মকার বলেন, “আন্তর্জাতিক জাম্বুরিতে অংশগ্রহণের অভিজ্ঞতা তাদের স্কাউটিং কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মকে স্কাউটিংয়ে উদ্বুদ্ধ করবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









