ঝালকাঠিতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের দায়ে চারটি বাল্কহেড জাহাজকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) সকালে সদর উপজেলার মানপাশা টেম্পু স্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে বালু পরিবহন ও সরবরাহের অপরাধে হানিফের মালিকানাধীন দুটি এবং রহিম ও তুহিনের মালিকানাধীন একটি করে মোট চারটি বাল্কহেডকে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এই জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের পরবর্তীতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









