ভারতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এর মধ্যেই অনশনরত জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকার স্পষ্ট আশ্বাস দিলে তিনি অনশন ভাঙবেন।
ওয়াংচুক বলেন, গত সোমবারের ‘সংসদ চলো’ কর্মসূচিতে অংশ নেওয়া তরুণ বিক্ষোভকারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হলে তিনি অনশন প্রত্যাহার করবেন।
তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া এবং নিট ইস্যুতে সংসদে অর্থবহ আলোচনা করার আশ্বাস দিয়েছেন। সরকারও এ বিষয়ে আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছে।
এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘অতিরিক্ত বলপ্রয়োগের’ অভিযোগে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকার ও দিল্লি পুলিশকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে।
একই সঙ্গে আদালত বিক্ষোভের দিনের সব সিসিটিভি ফুটেজ ও সংশ্লিষ্ট রেকর্ড সংরক্ষণের নির্দেশও দিয়েছে।
সূত্র : সিয়াসাত ডেইলি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









