দিনাজপুরের বিরামপুর উপজেলার ইজিবাইক চালক নবিরুল ইসলামের হত্যার প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে স্থানীয়দের মানববন্ধন।
বুধবার (২২ জুলাই) দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দূর্গাপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোজাম্মেল হক, কালিদাস রায়, হায়দার আলী, নূরুল হক প্রমুখ। মানববন্ধকালে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার এই হত্যা মামলায় আইনগত সহায়তার আশ্বাস দিলে তারা কর্মসূচি সমাপ্ত করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ‘‘ঘটনাটি পার্শ্ববর্তী ফুলবাড়ি থানা এলাকায় ঘটলেও আমরা প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয়েছি। বিচার প্রক্রিয়ার লক্ষ্যে দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের জন্য আইনি সহায়তা দেওয়ার আশ্বাসে মানববন্ধনকারীরা আশ্বস্ত হয়েছেন।’’
জানা গেছে, বিরামপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সাহার উদ্দিনের ছেলে নবিরুল ইসলাম (৩৫) গত ১৮ জুলাই বিকেলে ইজিবাইক (অটোরিক্সা) নিয়ে বের হন। সন্ধ্যায় যাত্রীবেশে কয়েক যুবক সেই অটোতে উঠে ফুলবাড়ি থানার সীমানায় গিয়ে নবিরুলকে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যায়। ঘটনার পরপরই বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ইজিবাইকসহ প্রধান আসামিকে আটক করে। আহত নবিরুল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত্যুবরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









