প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেটওয়ার্কিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) রূপগঞ্জ থানা কনফারেন্স রুমে উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশ’র লোকাল রাইটস প্রোগ্রাম (LRP-51)-এর উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ সভায় পুলিশ, স্থানীয় সরকারের প্রতিনিধি, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। সভায় প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রশাসন, গণমাধ্যম ও উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং টেকসই অগ্রগতিতে গণমাধ্যম ও প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
অ্যাকশন এইড বাংলাদেশের প্রতিনিধিরা বলেন, স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং প্রান্তিক মানুষের অধিকার বাস্তবায়নে প্রশাসন, গণমাধ্যম ও স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয় জোরদার করা জরুরি। এ ধরনের নেটওয়ার্কিং সভা পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কার্যকর যোগাযোগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের প্রতিনিধিরা শিশু সুরক্ষা, নারী ও কিশোরীদের নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং জনসচেতনতা বৃদ্ধিতে পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদক প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় পুলিশ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সাংবাদিকদের পক্ষে জয়নাল আবেদিন জয় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘‘জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো দায়িত্বশীলভাবে গণমাধ্যমে উপস্থাপনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করা হবে।’’
অনুষ্ঠানে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বলেন, ‘‘অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় সহযোগিতাও প্রয়োজন।’’
সভায় বক্তারা বলেন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা এবং রূপগঞ্জের সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে পুলিশ, গণমাধ্যম, স্থানীয় সরকার ও মানবাধিকারভিত্তিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ ধরনের নেটওয়ার্কিং ও মতবিনিময় কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









