জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি নির্বাচন কমিশন (ইসি)। নোটিশ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
বুধবার (২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে, একই দিন বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য নিয়ে সাংগঠনিক তদন্তের পর গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
এর পরিপ্রেক্ষিতে দলটির গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে এ সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









