দেশের বিদ্যুৎ বিতরণব্যবস্থাকে আরও দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব ধাপে ধাপে বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (২২ জুলাই) ঢাকায় অনুষ্ঠিত ‘এনার্জি সিকিউরিটি অ্যান্ড ট্রান্সফরমেশন অব বাংলাদেশ’ শীর্ষক সম্মেলনে তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদন করে পাইকারি পর্যায়ে সরবরাহ করতে পারে, তবে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ বিতরণের দায়িত্ব বেসরকারি খাতের হাতে থাকা উচিত।
মন্ত্রী বলেন, তিনি দেশের সব বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে বেসরকারি খাতে পরিচালনার পক্ষে এবং এ উদ্যোগ বাস্তবায়নে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সম্মতিও পাওয়া গেছে।
ভারতের উদাহরণ তুলে ধরে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, কলকাতা, মুম্বাই ও দিল্লির মতো শহরে বেসরকারি প্রতিষ্ঠান সফলভাবে বিদ্যুৎ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। তার মতে, বাংলাদেশের উদ্যোক্তারাও একই ধরনের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম।
স্থানীয় বিনিয়োগকারীদের এ খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেসরকারি উদ্যোক্তাদের কাছ থেকে প্রস্তাব এলে সরকার সেগুলো গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করবে।
এ সময় তিনি আরও বলেন, সরকার খুচরা ব্যবসা পরিচালনার জন্য নয়। বেসরকারি খাত যুক্ত হলে জবাবদিহি বাড়বে, সেবার মান উন্নত হবে এবং বিল আদায়ও আরও কার্যকর হবে।
পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রেও বেসরকারি খাতকে সুযোগ দেওয়ার পক্ষে মত দেন মন্ত্রী। তিনি বলেন, এ খাতে বড় বাজার রয়েছে এবং প্রতিযোগিতা সৃষ্টি হলে সরকারের ওপর চাপও কমে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









