ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের পঞ্চম তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, কলম ও ডায়েরি দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে বিভাগীয় সভাপতি সহযোগী অধ্যাপক আতিফা কাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদ ও প্রভাষক মো. সাদিউর রহমান। এছাড়াও বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক এ এইচ এম নাহিদ বলেন, “উন্নয়ন শিক্ষা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দেশের সার্বিক সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির জন্য নিজেকে প্রস্তুত করার মাধ্যম। নবীন শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও বাস্তবমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে প্রভাষক মো. সাদিউর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবন মানেই নতুন সুযোগ ও সম্ভাবনার দুয়ার উন্মোচন। অ্যাকাডেমিক পড়াশোনাকে সর্বোচ্চ গুরুত্বদানের পাশাপাশি সহশিক্ষামূলক ও দক্ষতা বৃদ্ধি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সহায়তা করে। সততা, নৈতিকতা ও নিয়মানুবর্তিতা বজায় রেখে নবীনদের সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।”
সভাপতির বক্তব্যে সহযোগী অধ্যাপক আতিফা কাফী বলেন, “ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে তোমাদের স্বাগত জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় জীবন কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি আত্মউন্নয়ন ও নেতৃত্বগুণ বিকশিত করার সেরা মঞ্চ। প্রতিনিয়ত শেখার মানসিকতা বজায় রেখে তোমরা নিজেদের এমনভাবে গড়ে তুলবে যেন দেশ ও জাতির কল্যাণে সরাসরি অবদান রাখতে পারো।”
নবীনবরণ পর্ব শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে আয়োজনের জাঁকজমকপূর্ণ সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলিকে প্রধান অতিথি এবং সহকারী অধ্যাপক মো. ফিরোজ হোসেনকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হলেও অনিবার্য কারণবশত তারা উপস্থিত হতে পারেননি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









