লক্ষ্মীপুরের রায়পুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.), ইসলাম ধর্ম ও ধর্মীয় বিধান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে এক মালয়েশিয়া প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা জব্বর ঢালির ছেলে শাহরিয়ার রুবেল বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। অভিযোগ, ‘Shahriar Rubel’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করা হয়েছে। ওই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
স্থানীয়রা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কোনো বক্তব্য বা মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে, পরিস্থিতি যাতে কোনোভাবেই উত্তপ্ত না হয়, সেজন্য সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তারা আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধানের দাবি জানান।
অভিযোগের বিষয়ে শাহরিয়ার রুবেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি ,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









