‘সুস্থ সমাজ গঠনে নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত জরুরি’ বলে মত প্রকাশ করেছেন সেমিনারের বক্তারা। ফেব্রোয়েড, সিস্ট বা টিউমারের কমবয়সী নারী রোগীদের জরায়ু অপসারণ না করেই উন্নত চিকিৎসাসেবা দেওয়া সম্ভব বলেও জানান তারা।
বুধবার (২২ জুলাই) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'নারীর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা' শীর্ষক সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস)।
এতে প্রধান অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার ও টেকনোলোজির পাবলিক হেলথ ডির্পাটমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. শেখ নাজমুল হুদা।
সিজারিয়ান সেকশনের বিভিন্ন ইতিবাচক ও নেতিবাচক দিক তুলে ধরে রাজনৈতিক ক্ষমতা কিভাবে স্বাস্থ্যসেবাকে প্রভাবিত করে, সে বিষয়ে আলোকপাত করেন তিনি। সেমিনারে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. ইয়াসমিন জাহান শাহীন জরায়ু নিয়ে, অগ্রযাত্রা নারী ফোরামের আহ্বায়ক জাকিয়া শিশির মানসিক স্বাস্থ্য নিয়ে ও ফার্মাসিস্ট-গবেষক সামিন ফারদীন সৌমিক অস্টিওপোরোসিস নিয়ে আলোচনা করেন।
বানাসাস সভাপতি নাসিমা আক্তার সোমার সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









