হলিউডের ‘গডজিলা’খ্যাত তরুণ অভিনেত্রী কেইলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ১৮ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড এ তথ্য জানিয়েছে।
কেইলির বাবা জোশুয়া হটল টিএমজেডকে জানান, মঙ্গলবার ভোরে মেরিল্যান্ডে ঘটে যাওয়া একটি গাড়ি দুর্ঘটনায় তার মেয়ের মৃত্যু হয়েছে।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ২৩ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন জোশুয়া হটল। আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে দেওয়া ওই বার্তায় তিনি বলেন, প্রথমে জানতে পারেন তার মেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। কিছু সময় পর কর্তৃপক্ষ ফোন করে জানায়, হাসপাতালে নেওয়ার পথে কেইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে তিনি টেক্সাস থেকে মেরিল্যান্ডে গিয়ে মেয়ের মরদেহ গ্রহণ করেন।
ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের সড়ক থেকে ছিটকে কালভার্টে আঘাত করে। গাড়িতে থাকা দুই যাত্রীর একজন ছিলেন কেইলি হটল। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় গাড়িচালক আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়।
প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকে দুর্ঘটনার অন্যতম কারণ বলে ধারণা করছে শেরিফের কার্যালয়।
জর্জিয়ার আটলান্টায় জন্ম নেওয়া কেইলি হটলের বাবা আমেরিকান এবং মা কোরিয়ান। জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন তিনি। টেক্সাসের অস্টিনে অবস্থিত টেক্সাস স্কুল ফর দ্য ডেফ-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এই তরুণ অভিনেত্রী।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার ‘গডজিলা ভার্সেস কং’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় কেইলি হটলের। সেখানে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন—স্কাল আইল্যান্ডের এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু, যে সাংকেতিক ভাষার মাধ্যমে কিং কংয়ের সঙ্গে যোগাযোগ করতে পারত।
এরপর ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন তিনি। এই সিনেমায় অভিনয়ের জন্য স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন কেইলি হটল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









