চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার বিচার ও গণভোট রায়ের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘গণমিছিল’ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।
বুধবার (২২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে জুলাই আন্দোলনের অংশীজনদের নিয়ে বিক্ষোভের আয়োজন করে সংগঠনটি। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এ সময় শাখা সভাপতি ইউসুব আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় “আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ; ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ; নারায়েতকবির আল্লাহু আকবর; জুলাই নিয়ে তালবাহানা, মানি না মানব না; জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার; ষড়যন্ত্র করিস না, গদি কিন্তু থাকবে না; কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তুর বাপ দাদার?; জুলাই সনদ বাস্তবয়ন, করতে হবে করতে হবে; শহিদদের রক্ত, বৃথা যেতে দিব না; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই; লীগ ধর, ধোলাই কর” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
উপস্থিত বক্তারা বলেন, নির্বাচন আসার আগে যারা ক্ষমতায় এসেছে, তারা আমাদের নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় বসার পর তারা কিছুই বাস্তবায়ন করেনি; অথচ আমাদের ভাইদের শাহাদাত বরণের দুই বছর পার হয়ে গেল। তারা যদি জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে তাদের পরিণতিও পলাতক স্বৈরাচার হাসিনার মতোই হবে। যেখানে যার সুবিধা, সেখান থেকেই সংবিধান রেখে দেওয়ার এই অপকৌশল জনগণ আর মেনে নেবে না। এ দেশের মানুষের সাথে কারা মুনাফেকি করেছে, তা নতুন করে বুঝিয়ে দেওয়ার প্রয়োজন নেই। বর্তমান সরকারের চেয়ে গণভোটের ম্যান্ডেট অনেক বেশি শক্তিশালী। তাই গণভোটের রায়ের পূর্ণ বাস্তবায়ন ছাড়া অন্য কোনো পথ বা বিকল্প আমরা কিংবা এ দেশের সাধারণ মানুষ কখনোই মেনে নেবে না।
বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেন, আমাদের মাঝে জুলাই এসেছিল একটি ফ্যাসিবাদী ব্যবস্থাকে মূলোৎপাটন করার জন্য কিন্তু আমরা দেখেছি সেই ফ্যাসিবাদী ব্যবস্থা পূর্বের অবস্থায় আছে। স্বৈরাচার খুনি হাসিনা সেভাবে দেশ পরিচালনা করেছিলো বর্তমান সরকার সেই কায়দায় দেশ পরিচালনা করছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেই ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জুলাই আন্দোলনকারীরা বেঁচে থাকতে গণভোটের রায়কে বাস্তবায়ন করেই ছাড়বো।
সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোট যদি অবৈধ হয় আপনাদের সরকারও অবৈধ। আমরা আমাদের জুলাই শহিদ ভাইদের কথা এখনও ভুলি নাই। আমাদের প্রত্যাশা ছিল এই বাংলাদেশ সবার হবে, স্বৈরাচার মুক্ত হবে। আপনারা খুনি হাসিনার পথে হাঁটলে ভারত পালানোর প্রস্তুতি নিন অথবা এই পথ থেকে ফিরে আসুন।
তিনি আরও বলেন, এই সরকার আওয়ামী লীগের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, দেশের বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলে দিয়েছে। অথচ আওয়ামীলীগ প্রকাশ্য গণহত্যাকারী দল। জুলাই সনদ বাস্তবায়নে পুনরায় জুলাই আন্দোলন করার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









