সিরাজগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক স্থানীয় নেতার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম।
নিহত নেতার নাম বাবলু মন্ডল (৫৮)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মৃত রমজান আলীর ছেলে। বাবলু মন্ডল রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
কারাগার সূত্রে জানা যায়, “একটি বিস্ফোরক মামলায় আসামি হিসেবে গত এক মাস ধরে সিরাজগঞ্জ কারাগারে বন্দী ছিলেন বাবলু মন্ডল। কারাবন্দী হওয়ার আগে থেকেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।”
জেল সুপার রফিকুল ইসলাম জানান, “বুধবার দুপুরে কারাগারে বাবলু মন্ডল হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে রাতে তাকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।”
তিনি আরো জানান, “ময়নাতদন্তের আনুষ্ঠানিকতা শেষে নিহত বাবলু মন্ডলের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









