চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার উসমানপুর গ্রামে নিখোঁজের একদিন পর হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার উসমানপুর বিশ্বাসপাড়ার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী উপজেলার উসমানপুর গ্রামের মৃত রুস্তম মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিজের জমিতে সার দিতে কাটাখালী মাঠে যান হাসেম আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে স্থানীয়রা মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, মৃত্যুর পর মরদেহের কিছু অংশ শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণী খেয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









