পটুয়াখালীর বাউফলের নাজিরপুরে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে ‘বয়স্কদের ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলায় শাপলা একাদশ ও গোলাপ একাদশ অংশ নেয়। নির্ধারিত খেলা শেষে কোনো দল বিজয়ী হয়নি। পরে ট্রাইবেকারেও কোনো ফল আসেনি। ফলে যৌথভাবে দুইদলকে বিজয়ী ঘোষণা করা হয়। খেলাটি উপভোগ করতে শত শত দর্শক উপস্থিতি হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন বাউফল পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মাসুম বিল্লাহ পলাশ। সভাপতিত্ব করেন নাজিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন রনি। অনুষ্ঠানের আয়োজন করে মেসার্স হাওলাদার ফার্ম লিমিটেড।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মাসুম বিল্লাহ পলাশ বলেন, ‘‘মাদক একটি জাতিকে ধ্বংস করে দেয়। যে যুবসমাজ মাঠে থাকবে, খেলাধুলায় ব্যস্ত থাকবে, তারা কখনো মাদকের দিকে ঝুঁকবে না। তাই পরিবার, সমাজ ও রাষ্ট্রকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।’’
তিনি আরও বলেন, ‘‘ফুটবল শুধু একটি খেলা নয়, এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। এমন আয়োজন তরুণদের যেমন অনুপ্রাণিত করবে, তেমনি প্রবীণদেরও সুস্থ ও প্রাণবন্ত জীবনযাপনে উৎসাহিত করবে।’’ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









