ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন,“এই মুহুর্তে রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকাণ্ড বাংলাদেশের মধ্যে সবচেয়ে উন্নত পর্যায়ের।”
শনিবার (২৫ জুলাই) বিকেলে মহানগরীর বোয়ালিয়া ক্লাব সংলগ্ন নির্ধারিত স্থানে রাজশাহী ইনডোর স্টেডিয়ামের ফলক উন্মোচন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মিজানুর রহমান মিনু বলেন, “আজকে অত্যন্ত আনন্দের একটি দিন। অত্যন্ত সুন্দর এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের অধীন রাজশাহী মহানগরীতে যে সমস্ত জায়গাগুলো পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলো দ্রুতই রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য হস্তান্তর করবো, ইনশাল্লাহ।রাজশাহীকে আরো সুন্দর নগরী গড়তে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আশা, সেটি বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনে বসে এখানকার যত উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান রয়েছে, সকলকে সঙ্গে নিয়ে রাজশাহীকে আরো সুন্দর, সুখী ও সমৃদ্ধশালী হিসেবে মহানগরী হিসেবে গড়ে তুলবো।”
রাজশাহীতে আধুনিক ক্রীড়া অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণ হতে যাচ্ছে রাজশাহী ইনডোর স্টেডিয়াম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সেখানে বৃক্ষরোপণ করেন ভূমিমন্ত্রী, রাসিক প্রশাসক ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়নে রাজশাহীকে একটি পরিচ্ছন্ন, সুন্দর, সুবজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। আমি দায়িত্ব নিয়েই রাজশাহীর উন্নয়নে যে সকল অসমাপ্ত কাজ রয়েছে, সেগুলো সমাপ্ত করতে কাজ করছি। বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রেখেছি।” তিনি আরো বলেন, ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৬টি জায়গা খেলার মাঠ হিসেবে প্রাথমিকভাবে সিলেকশন করা হয়েছে। আমরা আশা করছি ১৫ থেকে ১৬টি জায়গা খেলার মাঠ হিসেবে খেলার উপযুক্ত হিসেবে গড়ে তুলতে পারবো। এ লক্ষ্যে আমি ইতোমধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।”
উল্লেখ্য, রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায বোয়ালিয়া ক্লাব সংলগ্ন স্থানে প্রায় ৮৯ লাখ ৬ হাজার ২৪১ টাকা ব্যয়ে রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজ বাস্তবায়ন করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এ ইনডোর স্টেডিয়ামে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টি হবে।
অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারঃ) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট সহ প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপি দপ্তরের দায়িত্বে মুঈদুর রহমান মঈদ, রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেলসহ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









