সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তৃতায় লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) বলেন, ‘‘জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এক হলে সপ্তাহের মধ্যে সরকারের পতন অনিবার্য হয়ে উঠবে।’’
শনিবার (২৫ জুলাই) দুপুরে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।
অলি আহমদ দাবি করেন, এই তিন নেতা এক হলে ঢাকায় যেকোনো সময় ২০ থেকে ৩০ লাখ মানুষের সমাবেশ এবং টঙ্গী, সায়দাবাদ ও মিরপুরে সড়ক অবরোধ করতে পারবেন।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ হয়নি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং নিত্যপণ্যের মূল্য বেড়েছে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে অলি আহমদ বলেন, ‘‘একই ব্যক্তি একসঙ্গে প্রধানমন্ত্রী, সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন না এই প্রস্তাব ১১ দলীয় ঐক্যজোট দিয়েছিল। এটা গ্রহণের আহ্বান জানাচ্ছি।’’
তিনি আরও বলেন, ‘‘জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটলে ভবিষ্যতে ‘এক দফা, এক দাবি এই সরকার কবে যাবি’ ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না।’’
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আব্দুল কাইয়ুম সুবহানী, খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আমজাদুল ইসলাম চান।
এছাড়াও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও ১১ দলীয় ঐক্যের শরিক দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









