মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দেশটির প্রেসিডেন্টের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। একই সঙ্গে মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সরকারের বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে সফরে আসায় তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় বহুপাক্ষিক সহযোগিতা, শিক্ষা খাতে পারস্পরিক সুযোগ বৃদ্ধি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়ানোর বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









