বগুড়ার ধুনট উপজেলায় নিজ বাড়ির বারান্দায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় নজরুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বহালগাছা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের বাহাদুর আলী খানের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ হলেও মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করতেন। এর আগে কয়েকবার তিনি বাড়ি ছেড়ে চলে গেলে পরিবারের সদস্যরা খোঁজ করে তাকে ফিরিয়ে আনেন।
শনিবার ভোরে তার স্ত্রী কৃষিকাজের জন্য শ্রমিক ডাকার উদ্দেশ্যে তাকে খুঁজতে গিয়ে বাড়ির বারান্দায় গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে নিচে নামান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









