ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন। তবে এবার দীর্ঘদিনের আলোচিত এক সম্পর্ক নিয়ে অকপটে কথা বলেছেন তিনি। জানিয়েছেন, অভিনয় জীবনের শুরুর দিকে মিডিয়ার বাইরের এক তরুণীকেই বিয়ে করতে চেয়েছিলেন।
সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতায় উঠে আসে শাকিব খানের অতীত প্রেমের প্রসঙ্গ। অনুষ্ঠানে পূর্ণিমা জানান, গুলশানের এক সাধারণ তরুণীর সঙ্গে একসময় গভীর সম্পর্কে ছিলেন শাকিব। এমনকি তাকে বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন তিনি।
এর জবাবে শাকিব খান সম্পর্কের বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম।’
অতীতের সেই সম্পর্কের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এই অভিনেতা। তিনি বলেন, ‘মাঝেমধ্যে একা একা বসে ভাবি, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’
তবে ওই তরুণীর পরিচয় প্রকাশ করেননি শাকিব খান। তার বক্তব্যে স্পষ্ট, সম্পর্কটি তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ছিল।
শাকিব খানের এই অকপট স্বীকারোক্তি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত এই অভিনেতার মুখে পুরোনো প্রেমের গল্প শুনে ভক্তদের মধ্যেও নতুন কৌতূহল তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









