গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন পূবাইলের খিলগাঁও এলাকায় জুয়েল রানা (২৫) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জুয়েল ওই এলাকার জুলমতের ছেলে।
রবিবার (২৬ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে ইজিবাইকের ব্যাটারি চুরির অভিযোগকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি স্থানীয় সালিশে জুয়েল রানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ রয়েছে, তিনি ওই জরিমানার টাকা পরিশোধ করার পরও বিষয়টি নিষ্পত্তি হয়নি।
স্থানীয়দের দাবি, ঘটনার দিন জুয়েলকে কয়েকজন যুবক তাকে ডেকে নিয়ে যান। পরে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর এবং কোপানো হয়।
পরে গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একাংশের দাবি, ব্যাটারি চুরির অভিযোগ ছাড়াও মাদক-সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তারা আরও অভিযোগ করেন, ঘটনার সময় ব্যাটারির মালিকপক্ষের কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
নিহতের স্বজনরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









