যোগদানের আড়াই মাসের মাথায় বদলি হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার। চট্টগ্রাম থেকে সোনারগাঁ থানায় যোগ দেওয়ার আড়াই মাসের মাথায় রংপুরে বদলির আদেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
রবিবার (২৬ জুলাই) অতিরিক্ত আইজিপি (প্রশাসন) একেএম আওলাদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মে মাসে তিনি সোনারগাঁ থানায় যোগ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিদর্শক গোলাম সারোয়ার সোনারগাঁয়ে যোগদানের পর তার বিরুদ্ধে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সঙ্গে যোগসাজশে মামলা দিয়ে হয়রানির অভিযোগ ওঠে। সম্প্রতি যুবলীগের এক নেতার এসএসসি পরীক্ষার্থী ছেলেকে বিস্ফোরক আইনের একটি মামলায় পুলিশ গ্রেপ্তার দেখালে তা নিয়েও সমালোচনা হয়। ওই পরীক্ষার্থীদের পরিবারের অভিযোগ ছিল, স্থানীয় বিএনপি নেতাদের চাঁদা না দেওয়ায় পুলিশের সঙ্গে ‘যোগসাজশ’ করে এ গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে।
এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় এক প্রবাস ফেরত ব্যক্তির কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ ওঠে পুলিশ কর্মকর্তা গোলাম সারোয়ারের বিরুদ্ধে। এছাড়া কয়েকটি সিভিলটিম দিয়ে প্রতিরাতে সামারি বানিজ্য করে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। জুলাই হত্যা মামলার ভয় দেখিয়ে আওয়ামীসহ সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতেন তিনি।
তবে, তার বদলির আদেশে ‘প্রশাসনিক’ কারণ দেখানোর কথা জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তিনি বলেন, “হেডকোয়ার্টার থেকেই তার বদলির আদেশ এসেছে। বদলির সুনির্দিষ্ট কারণ আমাদের জানানো হয়নি। তবে আইজিপি স্যারের নির্দেশে পুলিশের একটি গোয়েন্দা দল থানাগুলোতে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের কর্মকাণ্ড মনিটর করছে। সেই মনিটরিং কার্যক্রমে কোনো অসঙ্গতি পাওয়া গেছে কিনা সেটাও হেডকোয়ার্টার বলতে পারবে।”
গোলাম সারোয়ার আগামী ১ আগস্ট পর্যন্ত এ থানায় আছেন। এই সময়ের মধ্যে তাকে রংপুর রেঞ্জ পুলিশে যোগদান করতে হবে। এই সময়ের মধ্যে সোনারগাঁ থানারও নতুন ওসি নিয়োগ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









