বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের সময় হাতেনাতে আটক এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আমিরুল ইসলাম (৪৫)। তিনি দীঘলকান্দি গ্রামের আকবর আলী সরদারের ছেলে।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীঘলকান্দি পার্ক থেকে প্রায় ৫০০ গজ দূরে একটি নির্জন স্থানে মাদক সেবনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় আমিরুল ইসলামকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে গাঁজাও জব্দ করা হয়।
অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর অবস্থান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









