নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে ঘরে ঢুকে বৃদ্ধা সাফিয়া বেগমকে হত্যা মামলায় মো. রুবেল মিয়া (৩৫) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া চাঁদপুরের উত্তর মতলব উপজেলার উত্তর পাঁচআনি এলাকার লিটন মিয়ার ছেলে। কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি জুমার নামাজের সময় রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকায় নিজ বাড়িতে একা ছিলেন সাফিয়া বেগম। এ সুযোগে রুবেল মিয়া ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করেন। পরে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল লুট করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সাফিয়া বেগম মারা যান।
এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌসী বেগম মায়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ রুবেলকে গ্রেপ্তার করলে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
মামলায় ১২ জন সাক্ষীর সাক্ষ্য, আলামত ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রুবেল মিয়াকে মৃত্যুদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। রায়ের পর বাদীপক্ষের আইনজীবী আদালতের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









