জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও টেকসই নগরভিত্তিক অর্থনৈতিক মডেল গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) ‘পরিচ্ছন্ন জ্বালানির শহর’ (সোলার সিটি) হিসেবে গড়ে তোলার জোর দাবি উঠেছে। বাসস্ট্যান্ড, পার্ক, লেক, ছাদসহ নগরের সকল সরকারি ও জনসেবামূলক অবকাঠামোকে সৌরবিদ্যুতের আওতায় আনার আহ্বান জানিয়েছেন পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
সোমবার (২৭ জুলাই) বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি তুলে ধরা হয়।
যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে প্রান্তজন ট্রাস্ট, ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি) বরিশাল, কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)।
প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভঙ্কর চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা জানান, স্থানীয় সরকারের অধীনস্থ হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, পার্ক ও ওয়াকওয়েতে সৌর প্যানেল বসালে নগরের বিদ্যুৎ খরচ নাটকীয়ভাবে কমে আসবে।
স্বাগত বক্তব্যে প্রান্তজনের ফিল্ড কোঅর্ডিনেটর এস এম সাইফুল্লাহ মাহমুদ বলেন, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি উদ্বৃত্ত শক্তি ‘নেট মিটারিং’ সুবিধার মাধ্যমে জাতীয় গ্রিডে বিক্রি করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে সিটি কর্পোরেশন একটি টেকসই ও নতুন আয়ের উৎস সৃষ্টি করতে পারবে।
মানববন্ধনে বক্তারা সোলার এনার্জিকে কেবল পরিবেশবান্ধব উদ্যোগ নয়, বরং লাভজনক ব্যবসায়িক মডেল হিসেবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।ফোরামের সদস্য এটিএম খোরশেদ আলম ও অধ্যক্ষ আমিনুর রহমান খোকন উল্লেখ করেন, নেট মিটারিং সুবিধা কাজে লাগিয়ে সৌরবিদ্যুতে বিনিয়োগ করলে জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কমবে এবং স্থানীয় সরকার সেবাদানকারী প্রতিষ্ঠানের পাশাপাশি ‘জ্বালানি উদ্যোক্তা’ হিসেবে আত্মপ্রকাশ করবে।
কর্মসূচি থেকে দ্রুত সময়ে একটি সমন্বিত ‘সোলার সিটি কর্মপরিকল্পনা’ গ্রহণ করতে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন ফোরাম সদস্য আকতারুল কবির।
সমাপনী বক্তব্যে সভাপতি শুভঙ্কর চক্রবর্তী বলেন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ কোনো অতিরিক্ত ব্যয় নয়, বরং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য লাভজনক ও টেকসই বিনিয়োগ। এ পদক্ষেপ কেবল পরিবেশ রক্ষা করবে না, বরং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগও তৈরি করবে।
মানববন্ধনে পরিবেশকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









