যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা কমার ইঙ্গিত পাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৪ শতাংশ কমেছে। কূটনৈতিক সমাধানের আশা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় সোমবার তেলের বাজারে এ দরপতন দেখা যায়। খবর রয়টার্সের।
লেনদেনের শুরুতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৯৬ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৯২ দশমিক ৮২ ডলারে নেমে আসে। একপর্যায়ে তা ৯০ ডলারের নিচেও চলে যায়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ২ ডলার বা ৪ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।
গত দুই সপ্তাহ ধরে চলা হামলার পর সপ্তাহান্তে যুক্তরাষ্ট্র ও ইরান নতুন করে কোনো হামলা চালায়নি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার পাশাপাশি হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার সুযোগ দিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর হামলা সাময়িকভাবে স্থগিত রেখেছেন।
বাজার বিশ্লেষকদের মতে, সামরিক সংঘাত না বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে হরমুজ প্রণালিতে এখনো জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান ক্লেপলারের হিসাবে, সপ্তাহান্তে প্রতিদিন ১০টিরও কম পণ্যবাহী জাহাজ ওই প্রণালি অতিক্রম করেছে।
এদিকে, লোহিত সাগরে ইয়েমেনের হুথি বাহিনীর হামলা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ঝুঁকি এখনো বিদ্যমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









