মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকাবাসীর উদ্যোগে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেলে ছৈদলবাজারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ শওকতুল ইসলাম শকু বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে চলমান রয়েছে। তিনি বলেন, ইনশাআল্লাহ কুলাউড়ার সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বলতে পারি, গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের সময় এত ব্যাপক উন্নয়ন হয়নি।
বক্তব্যে তিনি আরো বলেন, এলাকার মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তিনি মনোযোগ দিয়ে শুনেছেন এবং পর্যায়ক্রমে সেগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এ সময় রাজনৈতিক বক্তব্যে তিনি এনসিপির নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেন এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তাকে “বাটপার” বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, সাধারণ সম্পাদক আহমদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, কানাইটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি এমাদ উদ্দিন বাহার, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত উল্লাহ, সৈয়দ মুশারফ হোসেন, আপ্তাব উদ্দিন, হাসান আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









