বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের রয়েছে নানা পরিচয়। ছিলেন সেনাবাহিনীতে, করেছেন সাংবাদিকতাও। অভিনয়ে এসে পান পরিচিতি। ক্যারিয়ারে অসংখ্য নাটক ও সিনেমায় কাজ করেছেন তিনি। তবে বর্তমানে অনিয়মিত এই অভিনেতা।
সম্প্রতি হাসান মাসুদের একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার তথ্য সামনে এসেছে। ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন অভিনেতা। তার যোগ দেওয়া প্রতিষ্ঠানটি বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারমূলক ভিডিওতেও তাকে ব্র্যান্ডিংয়ের কাজে দেখা গেছে।
তাই ভক্তদের মাঝে প্রশ্ন —তবে কি নতুন পেশায় স্থায়ী হচ্ছেন তিনি? তবে নতুন চাকরিতে যোগ দেওয়ার অর্থই যে অভিনয় পুরোপুরি ছেড়ে দেওয়া—এমন কোনো ঘোষণা হাসান মাসুদ দেননি।
হাসান মাসুদ এরআগেও অভিনয় ছাড়া নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না এবং হজ করে এসে ধর্মের পথে মনোযোগ দিতে চান। তার এই বক্তব্যের পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এই অভিনেতা বিষয়টি পরিষ্কার করে জানিয়েছিলেন, চিরতরে অভিনয় থেকে সরে যাওয়ার কথা তিনি বলেননি। ভালো কনটেন্টের অভাবেই বর্তমানে নিয়মিত কাজ করছেন না তিনি।
এদিকে কয়েক মাস আগে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লেও ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল।
২০০৩ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হাসান মাসুদের। এরপর নাটকেও নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। ‘হাউসফুল’, ‘এফডিসি’, ‘গ্র্যাজুয়েট’, ‘রঙের দুনিয়া’, ‘বিহাইন্ড দ্য সিন’ ও ‘খুনসুটি’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









