নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি)-তে তিন দিনব্যাপী প্রযুক্তি ও সৃজনশীলতা উৎসব ‘ক্লাচ কার্নিভাল ২.০’ শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজিত এ কার্নিভাল ২০ থেকে ২২ সেপ্টেম্বর বিভিন্ন প্রতিযোগিতা, প্রযুক্তি প্রদর্শনী, সেমিনার ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্ভাবনী প্রজেক্ট উপস্থাপন করেন। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগের সঙ্গে যুক্ত করা, কারিগরি দক্ষতা, সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বাড়ানো ছিল আয়োজনটির অন্যতম লক্ষ্য।
কার্নিভালের প্রথম দিনে মেকানিক্স অলিম্পিয়াড, রোবো সকারের গ্রুপ পর্ব, ইঞ্জিনিয়ারিং ও নন-ইঞ্জিনিয়ারিং কুইজ এবং কম্পিউটার এইডেড ডিজাইন (সিএডি) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে রোবো সকারের পরবর্তী ম্যাচ ও ট্রেজার হান্ট এবং শেষ দিনে আইডিয়াভার্স-ন্যাশনাল পোস্টার প্রেজেন্টেশন ও প্রজেক্ট উপস্থাপন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রোবো সকারের ফাইনাল ও প্রকৌশল-প্রযুক্তিবিষয়ক সেমিনারের আয়োজন করা হয়।
সমাপনী দিনে বিভিন্ন আয়োজন পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি। এ সময় ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. রুবিনা আক্তার ও আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ. কে. এম. নুরুল আমিন উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও সফল অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ চৌধুরী এবং এমই বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মাহমুদুল আদিলসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কার্নিভালে বিএইউএসটির পাশাপাশি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিএউইটি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এবং রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এতে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা ও সৃজনশীল ধারণা বিনিময়ের সুযোগ তৈরি হয়।
শেষ পর্বের ‘ওয়েভ ফেস্টিভ্যাল’-এ শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের এ আয়োজন। প্রযুক্তি, উদ্ভাবন, জ্ঞানচর্চা ও সংস্কৃতির সমন্বয়ে কার্নিভালটি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন ও আন্তঃপ্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









