জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানানো, তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ, আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষের অবদানের স্বীকৃতি, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলনের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এ মাসব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ জুলাই সারা দেশে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। এ দুই দিনে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতারা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করবেন।
এছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









