সুনামগঞ্জ সদর উপজেলায় সেফটি ট্যাংকের ভেতর থেকে আমির হামজা নামে ৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি গুচ্ছগ্রামের সাব্বির হোসেনের ছেলে।
এ ঘটনায় লালপুর গুচ্ছগ্রামের মৃত নুর মিয়ার ছেলে মনির হোসেন (৩০), আব্দুল জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭), মনির হোসেনের মা রাবেয়া বেগম (৫৫) ও জাহাঙ্গীর আলমের স্ত্রী আফিয়া বেগমকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুটির মা সাবিকুন নাহার সকালে তার শিশুকে পিতার কাছে ঘুমন্ত অবস্থায় রেখে শ্বশুরবাড়িতে যান। সকাল ৭টায় পিতা সাব্বির হোসেন ঘুম থেকে উঠে ছেলেটিকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে, গুচ্ছগ্রামের আরেক বাসিন্দা নাঈম মিয়া ট্যাংকের কাছে ঐ শিশুটির মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন জড়ো হয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ট্যাংকের ভেতরে শিশুটির লাশ দেখতে পান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শিশুটির পিতা অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









