রপ্তানি বাণিজ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।
সোমবার (২৭ জুলাই) বিকেলে পূর্বাচলস্থ বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘১০ম চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো’ এবং ‘৩০তম চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬’ শীর্ষক মেলার ডি-ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের পরিচিতি বাড়ানো এবং রপ্তানি সম্প্রসারণে তাদের অংশগ্রহণ প্রয়োজন। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা আন্তর্জাতিক মেলায় অংশ নিতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়েই সরকার ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ঘরে বসেই অনলাইনে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থা চালু করা হচ্ছে। পাশাপাশি ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছরে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
ইপিবির ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি।
এ সময় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য দেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. নাসির খান।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন প্রস্তাব, অভিজ্ঞতা ও কুনমিং মেলায় অংশগ্রহণের বিষয়ে তাদের মতামত মনোযোগ দিয়ে শোনেন। এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে তিনি ইপিবি প্রকাশিত ত্রৈমাসিক নিউজলেটারের মোড়ক উন্মোচন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









