ময়মনসিংহের গফরগাঁওয়ে স্ত্রীর সাথে ভগ্নিপতির পরকীয়ার জেরে ভগ্নিপতির বন্ধু মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামে এক ফিশারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে তার ফিশারি প্রজেক্টের কর্মচারী। মোফাচ্ছেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত তোফাজ্জল হোসেন ওরফে তপনের (৩৫) বাড়িতে হামলা, ভাংচুর এবং আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
সোমবার (২৭ জুলাই) দুপুরে দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলের মৃত্যু হয়।
এর আগে রবিবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাগবেড় গ্রামে মহিদুজ্জামানের ফিশারিতে তাকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটে।
নিহত মহিদুজ্জামান ওই গ্রামের মো. মোজাম্মেলের ছেলে। সে পেশায় ফিশারি ব্যবসায়ী ছিল। অভিযুক্ত তোফাজ্জল হোসেন তপন পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার সোমপাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং নিহত মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলের ফিশারি প্রজেক্টের কর্মচারী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে তপনের ভগ্নিপতির বিষয়ে কথা বলতে তপন নিহত মহিদুজ্জামানকে মোবাইল ফোনে তার ফিশারির পাড়ে আসতে বলে। মহিদুজ্জামান তার ফিশারিতে গেলে তপনের স্ত্রীর সাথে তপনের ভগ্নিপতির পরকীয়ার প্রসঙ্গ নিয়ে কথা কাটাকাটির জেরে এক পর্যায়ে মহিদুজ্জামানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তপন।
চিৎকার শুনে এলাকাবাসী মহিদুজ্জামানকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নি গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতারে রেফার্ড করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, মহিদুজ্জামানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী তোফাজ্জল হোসেন ওরফে তপনের বাড়িতে হামলা, ভাংচুর ও আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ এবং ফারার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
গফরগাঁও থানার ওসি মো. মশিউর রহমান বলেন, ‘‘অভিযুক্ত তোফাজ্জল হোসেন ওরফে তপনের স্ত্রীর সাথে তার ভগ্নিপতির পরকীয়ার সম্পর্ক ছিল। পরকীয়ার বিষয়টি জানাজানি হলে তোফাজ্জল হোসেন তার ভগ্নিপতিকে বাড়ি থেকে বের করে দেন। তবে, ভগ্নিপতির সাথে নিহত মহিদুজ্জামানের ব্যবসায়ীক সম্পর্ক ও বন্ধুত্ব ছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মহিদুজ্জামানকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হোসেনেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









