সুনামগঞ্জের জগন্নাথপুরে মা ও শিশুদের সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকালে কেয়ার বাংলাদেশের আয়োজনে ও ‘দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব ল্যাটার-ডে সেন্টস’-এর সহায়তায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এটি আয়োজিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কৃপেশ রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো, মহসীন উদ্দিন, জাতীয় পুষ্টি পরিষদের ডেপুটি ডিরেক্টর ডাক্তার রওনক জাহান, কৃষি কর্মকর্তা মো। কাওসার আহমেদ, কেয়ার বাংলাদেশের টিম লিডার মোহাম্মদ হাফিজুল ইসলাম ও জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ প্রমুখ ।
বক্তারা হাওরাঞ্চলের গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ক্ষুদ্র-পুষ্টি উপাদান (MMS) ও পুষ্টিকর গুঁড়োর (MNP) ব্যবহার বাড়ানোর তাগিদ দেন। তারা জিংক সমৃদ্ধ ধান চাষ, নারীদের 'পুষ্টি উদ্যোক্তা' হিসেবে গড়ে তোলা এবং জলবায়ু-সহনশীল কৃষি ও নিরাপদ স্যানিটেশনব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় জানানো হয়, উপজেলায় দারিদ্র্যসীমার নিচে থাকা ৭৬,৩৫৩ জন মানুষের পুষ্টি নিরাপত্তায় ইতোমধ্যে ৬৫৭ জন শিশুকে 'পুষ্টিকণা' দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ২,০০০ শিশুকে এই সেবার আওতায় আনা হবে। এছাড়া স্থানীয় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও মায়েদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে যুক্ত করার আহ্বান জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









