ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের (মোকাদ্দমা নং ৮৮০/২০২৬) ১৪৪ ধারা জারি থাকার পরও এক পরিবারের বসতবাড়ির মালামাল ও ভিটার মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৮ জুলাই) সাংবাদিকদের কাছে ঘটনার বিবরণ তুলে ধরতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীরা। ঈশ্বরগঞ্জ থানার এসআই জীবনের পরোক্ষ সহযোগিতায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী দিলরুবা অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ গোলাম মোহাম্মদ, মতিউর রহমান রনি ও গোলাম কবির রবীনসহ তাদের সহযোগীরা তার বৃদ্ধ বাবাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দিয়ে বসতবাড়ির মালামাল ও ভিটার মাটি লুট করে নিয়ে গেছে।
দীর্ঘদিন ধরে পরিবারটি ওই জায়গায় বসবাস করে আসলেও পালক জেঠার পরিবার তাদের জমি আত্মসাৎ করার উদ্দেশ্যে এই তাণ্ডব চালায়। ভুক্তভোগীদের দাবি, গত ২৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত টানা চারদিন দিনদুপুরে সকলের সামনে তাদের বসতবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রতিপক্ষ কারোও বক্তব্য পাওয়া যায়নি।
অভিযুক্ত এসআই জীবন এবং ঈশ্বরগঞ্জ থানার ওসির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ আশরাফুল করিম বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে আদালতের ১৪৪ ধারা অমান্য করে এমন অপরাধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত ও লুন্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও আইন বিশেষজ্ঞরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









