পাবনা পৌরসভার আওতাধীন চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও নাগরিক সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খায়রুল ইসলাম।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে তিনি পাবনা-আতাইকুলা সড়কের চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি সড়ক নির্মাণকাজের অগ্রগতি, কাজের গুণগত মান ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজখবর নেন এবং কাজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে পৌর প্রশাসক নির্ধারিত মান ও পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্মাণকাজের কারণে সাধারণ মানুষের চলাচলে যাতে দুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকেও সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন।
খায়রুল ইসলাম বলেন, ‘‘নগরীর সড়ক যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি নাগরিকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখা জরুরি। শুধু প্রকল্পের কাজ শেষ করাই নয়, এর স্থায়িত্ব ও মান নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’’
সড়ক নির্মাণকাজ পরিদর্শনের পাশাপাশি পৌর এলাকার বিভিন্ন স্থানে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও তদারকি করেন তিনি। এ সময় বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।
পৌর প্রশাসক বলেন, ‘‘একটি আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তুলতে উন্নত সড়ক যোগাযোগের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নগরবাসীকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী পৌরসভার সেবার মান উন্নয়নে মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করা হচ্ছে। উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি নাগরিক সেবার বিভিন্ন দিকও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পৌরবাসীর জীবনযাত্রাকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।’’
পরিদর্শনের সময় সংশ্লিষ্ট পৌর কর্মকর্তা-কর্মচারী ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









