মৌলভীবাজারের উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় ১৬ ফুট দীর্ঘ একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের একটি সেকশন থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে।
চা শ্রমিকরা বাগানে কাজ করার সময় হঠাৎ ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে নিরাপদ স্থানে সরে যান। পরে শ্রমিকরা বিষয়টি জাগছড়া চা বাগানের স্টাফ সেলিম মিয়াকে জানালে তিনি বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বন বিভাগের সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর অজগর সাপটিকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদে উদ্ধার করা হয়।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাইন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি। নিরাপদে উদ্ধার শেষে সাপটিকে বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের তত্ত্বাবধানে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









