গাইবান্ধায় নানা আয়োজনের মধ্য দিয়ে লোকসংগীতের কালজয়ী শিল্পী ও পল্লীগীতি সম্রাট আবদুল আলীমের ৯৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ (মানাপ), গাইবান্ধা জেলা শাখার আয়োজনে পুলবান্ধির বালাসী রোডস্থ কার্যালয়ে ‘গহীন গাঙে ধরলাম পাড়ি’ শীর্ষক এক সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৭ জুলাই (সোমবার) সন্ধ্যায় জেলা শাখার সভাপতি মো. আলম মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঞ্জলি রানী দাসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার মো. আসাদুজ্জামান সরকার।
সংগীতানুষ্ঠানে আমন্ত্রিত শিল্পী ও স্থানীয় গুণী কণ্ঠশিল্পীরা আবদুল আলীমের জনপ্রিয় লোকসংগীতগুলো পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেন। সংগীত পরিবেশনায় ছিলেন আনোয়ারুল ইসলাম, মোস্তফা হোসেন, আবদুল্লাহ আল আমিন বাদশা, রবিউল হক, পরিতোষ চন্দ্র সরকার, জাহিদ হাসান সবুজ, শিরিন আকতারসহ অন্যন্য শিল্পীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা কালজয়ী এই শিল্পীর সুরসাধনা, জীবনী ও বাংলা সংগীতে তার অবিস্মরণীয় অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। অনুষ্ঠানে সংগঠনের জেলা কমিটির কর্মকর্তা, সদস্য ও স্থানীয় সংগীতপ্রেমী দর্শক-শ্রোতারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









