চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর গ্রামের সিসিডিবি খাসপাড়ায় আপাতত উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। এ সময় এলাকা পরিদর্শন করে দীর্ঘদিন ধরে বসবাসকারী ভূমিহীন পরিবারগুলোর সঙ্গে কথা বলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
মঙ্গলবার (২৮ জুলাই) ছিল প্রশাসনের দেওয়া তিন দিনের মৌখিক নোটিশের শেষ দিন।
এ সময় তিনি পুনর্বাসনের আশ্বাস দিয়ে বলেন, ‘‘অসহায় মানুষদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত না করা পর্যন্ত কোনো উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা উচিত হবে না।’’
উচ্ছেদের আশঙ্কায় কয়েক দিন ধরেই উৎকণ্ঠার মধ্যে ছিলেন স্বরূপনগর সিসিডিবি খাসপাড়ার প্রায় ৫০টি পরিবার। সম্ভাব্য উচ্ছেদের খবরে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে উচ্ছেদ স্থগিত ও পুনর্বাসনের দাবিতে আবেদন জানান।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যান এমপি নুরুল ইসলাম বুলবুল। এ সময় তার সঙ্গে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল হক নাহিদ।
পরিদর্শনকালে এমপি বুলবুল বসতির বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং নারী-পুরুষ, প্রবীণ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য শোনেন। বাসিন্দারা এমপিকে জানান, পুনর্বাসনের কোনো ব্যবস্থা নিশ্চিত না করেই উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
এ সময় এমপি নুরুল ইসলাম বুলবুল বলেন, “দীর্ঘদিন ধরে বসবাসকারী অসহায় মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা মানবিক হবে না। আগে তাদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করতে হবে। আমি বিষয়টি দেখছি। আপাতত উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকবে। সবার সঙ্গে আলোচনা করে একটি মানবিক ও গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করা হবে।”
এমপি বুলবুলের পরিদর্শন ও আশ্বাসের পর স্বস্তি ফিরে আসে খাসপাড়ার বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এই বসতির ভবিষ্যৎ নির্ধারণে প্রশাসন আইনগত বিষয়গুলোর পাশাপাশি মানবিক দিকটিও গুরুত্ব দেবে, যাতে উন্নয়ন এবং মানুষের বসবাস—দুইয়ের মধ্যে একটি গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









