সিলেটের কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে অবৈধ পাথর ও একটি স্টিলের নৌকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই বাবুল মিয়া ও এএসআই এ.কে.এম জিয়াউল হকের নেতৃত্বে পুলিশের একটি দল লোভাছড়ার পাথর চুরি রোধে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে ৬০০ ঘনফুট পাথর বহন করে নিয়ে আসার পথে লোভারমুখ সুরমা নদীর খেয়াঘাট এলাকা থেকে স্টিলের নৌকাসহ দু'জনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বড়বন্দ গ্রামের ইসলাম উদ্দিনের পুত্র আবু হানিফ (২০) এবং একই গ্রামের মৃত উসমান আলীর পুত্র আবু জাফর (২২)।
জব্দকৃত ৬০০ ঘনফুট পাথরের আনুমানিক বাজারমূল্য ৫৪ হাজার টাকা বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে কানাইঘাট থানায় একটি মামলা (মামলা নং-২২, তারিখ: ২৮/০৭/২০২৬, জিআর নং-১৩৭/২৬) দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









