চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের স্বরূপনগর গ্রামের সিসিডিবি খাসপাড়ার প্রায় ৫০টি ভূমিহীন পরিবারকে উচ্ছেদের কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। পুনর্বাসনের সুনির্দিষ্ট ব্যবস্থা না করে কোনো উচ্ছেদ চালানো হবে না—বর্তমান ও সাবেক সংসদ সদস্যের এমন আশ্বাসের পর আতঙ্কিত অধিবাসীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিবারগুলোকে খাসজমি ছেড়ে দেওয়ার জন্য তিন দিনের সময় বেঁধে দিয়েছিলেন, যার মেয়াদ শেষ হয় গত মঙ্গলবার। পাকিস্তান আমল থেকে দীর্ঘ ৬৫ বছর ধরে বসবাসকারী তিন-চার প্রজন্মের এসব ভূমিহীন মানুষ আশ্রয় হারানোর আশঙ্কায় সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং পুনর্বাসনের আবেদন জানান।
মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এলাকা পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ উপস্থিত ছিলেন। এমপি বসতির বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ শোনেন। পরিদর্শন শেষে নুরুল ইসলাম বুলবুল বলেন, “দীর্ঘদিন ধরে বসবাসকারী অসহায় মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা মানবিক হবে না। আগে তাদের পুনর্বাসনের বিষয়টি নিশ্চিত করতে হবে। আপাতত উচ্ছেদ কার্যক্রম বন্ধ থাকবে এবং আলোচনার মাধ্যমে মানবিক সমাধান করা হবে।”
অন্যদিকে জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন জানান, পাকিস্তান আমল থেকে বসবাসরত এসব পরিবারের বিষয়টি খতিয়ে দেখে উচ্ছেদ অভিযান বন্ধ করতে যথাযথ কর্তৃপক্ষকে বলা হয়েছে। ঢাকা থেকে ফিরে তিনি এলাকা পরিদর্শনের কথাও জানান।
উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুশা জানান, খাসজমি দখলমুক্ত করার প্রক্রিয়ার পাশাপাশি প্রকৃত ভূমিহীনদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
এমপির পরিদর্শনের পর তাৎক্ষণিক উচ্ছেদ আতঙ্ক কাটলেও খাসপাড়ার বাসিন্দারা দ্রুত স্থায়ী সমাধান ও সুনির্দিষ্ট পুনর্বাসনের দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









