কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ বাজারের ১৩ নম্বর কাছারি ও আশপাশের এলাকায় পূর্ব ঘোষণা বা কোনো পুনর্বাসন ছাড়া রেলওয়ের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পোড়াদহ ইউনিয়ন বিএনপি। পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় কর্মকর্তার দায়িত্বে পরিচালনা করা এই অভিযানকে ‘অন্যায্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ জনগণ।
বুধবার (২৯ জুলাই) দুপুরে পোড়াদহ বাজারে স্থানীয় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই উচ্ছেদ বিরোধী বিক্ষোভ কর্মসূচি পালন করে ইউনিয়ন বিএনপি। পোড়াদহ রেলওয়ে কানুনগো অফিসের সামনে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান পলাশ, পোড়াদহ ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, পোড়াদহ পুরাতন বস্ত্র ব্যবসায়ী সাধারণ সম্পাদক নাসিম সাইদুল মুন্না প্রমুখ।
এ সময় পোড়াদহ ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান খোকন, পোড়াদহ ইউনিয়ন বিএনপির সহ-যুব সম্পাদক খন্দকার সাবু, পোড়াদহ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ফুয়াদুজ্জামান ফুয়ার, পোড়াদহ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল বাশার হ্যাপিসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ জনগণই পোড়াদহ বাজারের প্রাণ। বিকল্প কোনো ব্যবস্থা কিংবা উচ্ছেদের আগে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হুট করে এমন অভিযান চালিয়ে শত শত পরিবারকে পথে বসিয়ে দেওয়া চরম অন্যায্য ও অমানবিক।
নেতৃবৃন্দ স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সঙ্গে আলোচনা এবং স্থায়ী পুনর্বাসনের সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া পোড়াদহের মাটিতে এ ধরনের একতরফা কোনো অভিযান আর চালাতে দেওয়া হবে না। জনগণের পেটে লাথি মেরে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সমাবেশ থেকে স্থানীয় প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে উচ্ছেদ বন্ধ করে ব্যবসায়ী ও স্থানীয় অধিবাসীদের পুনর্বাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









